নিজস্ব অর্থায়নেই চারটি পদ্মা সেতু সম্ভব: বারকাত
নিজস্ব অর্থায়নে একটি নয়, চারটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এ জন্য ১২টি উৎস থেকে আগামী চার বছরে মোট ৯৮ হাজার ৮২৫ কোটি টাকা সংগ্রহ করা যাবে। গতকাল বৃহস্পতিবার ‘নিজ অর্থে পদ্মা সেতু’ শীর্ষক জাতীয় সেমিনারে অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটন গার্ডেনে অর্থনীতি সমিতি কার্যালয়ে এই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।সেমিনারে মূল প্রবন্ধে আবুল বারকাত বলেন, চার বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট ও অব্যয়িত অংশ থেকে ১৬ হাজার কোটি টাকা পাওয়া যাবে। কালোটাকা বা অপ্রদর্শিত আয় থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এবং প্রবাসী বাংলাদেশিদের সঞ্চিত অর্থের দেশে বিনিয়োগ থেকে পাঁচ হাজার কোটি টাকা মিলবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেওয়া হবে চার হাজার ২৭৫ কোটি টাকা। তবে আবুল বারকাতের হিসাবে সবচেয়ে বেশি অর্থ মিলবে পেনশন ফান্ড, দেশজ ব্যাংকব্যবস্থা ও বিমা কোম্পানি থেকে, যার পরিমাণ ৩৪ হাজার ৯০০ কোটি টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ উৎস হবে ব্যক্তিগত আয়কর (যাঁদের বছরে কমপক্ষে এক কোটি টাকা আয়কর দেওয়ার কথা, কিন্তু দেন না), যার পরিমাণ ২৫ হাজার কোটি টাকা।এ ছাড়া তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত কর এক হাজার ৮০০ কোটি টাকা, সরকারি কার্যক্রমে কৃচ্ছ্রসাধন এক হাজার কোটি টাকা এবং লেভি, সারচার্জ ও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে পাঁচ হাজার ৩০০ কোটি টাকা। সব মিলিয়ে আগামী চার বছরে এভাবে ৯৮ হাজার ৮২৫ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। আর উচ্চমাত্রায় রাজনৈতিক প্রতিশ্রুতি ও গণজাগরণ সৃষ্টি করতে পারলে চার বছরে দেড় লাখ কোটি টাকাও সংগ্রহ করা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি।মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, কোনো প্রকল্পে স্থানীয়ভাবে পণ্য ও উপাদান জোগান দিলে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পের চেয়ে ২৫ শতাংশ খরচ কমে যায়। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের নিজ উদ্যোগেই অভিযোগসমূহ প্রকাশ করা উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, আবেগ ছাড়া পৃথিবীতে কোনো বড় কাজ সম্ভব হয় না। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রেই আবেগ নিয়ে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করে দিলে পরে অনেকেই আসবে। তিনি বলেন, ‘বিশ্বব্যাংকই দুর্নীতিবাজ, বাঙালি নয়।’ যুক্তরাষ্ট্র প্রবাসী বি রহমান বলেন, নিউইয়র্ক লট্টোর মতো জুয়াখেলার মাধ্যমে পদ্মা সেতুর অর্থ সংগ্রহ করা যেতে পারে। এ দেশের মোবাইল ফোন গ্রাহকেরা প্রতি সপ্তাহে ১০ টাকা করে দিয়ে ‘হেল্প বাংলাদেশ লট্টো’ নামে এই খেলায় অংশ নেবেন। সপ্তাহ শেষে লটারি করা হবে। প্রতি সপ্তাহে এক কোটি মোবাইল ফোন গ্রাহক অংশ নেবেন ধরে নিলে প্রাপ্ত অর্থের ১৮ শতাংশ বা এক কোটি ৮০ লাখ টাকা পুরস্কার হিসেবে রাখা হবে, আর কমিশন হিসেবে ১৫ শতাংশ বা দেড় কোটি টাকা খরচ হবে। এতে প্রতি সপ্তাহে সাড়ে ছয় কোটি টাকার বেশি সংগ্রহ করা যাবে।