নিজস্ব আয় নেই, বেতন হয় না পৌর কর্মীদের
>
- দুই শতাধিক পৌরসভায় দুই থেকে ৫৮ মাস পর্যন্ত বেতন হচ্ছে না
- বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা
- দেশে পৌরসভা আছে ৩২৯ টি
- বেতনের অর্থের শূন্য দশমিক ৪৫ শতাংশ দেয় সরকার
- বাকি অংশ পরিশোধ করার কথা পৌরসভার নিজস্ব আয় থেকে

দেশের দুই শতাধিক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২ থেকে ৫৮ মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে। অঙ্কের হিসাবে এটা সাড়ে ৫০০ কোটি টাকা।
দেশে পৌরসভা আছে ৩২৯টি। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্র জানায়, পৌরসভাগুলোর প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন পরিশোধ করতে বছরে প্রয়োজন ৯৪৭ কোটি টাকা। এই অর্থের শূন্য দশমিক ৪৫ শতাংশ দেয় সরকার, বাকি অংশ পরিশোধ করার কথা পৌরসভার নিজস্ব আয় থেকে। কিন্তু নিজস্ব আয় পর্যাপ্ত না থাকায় সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার সামর্থ্য অধিকাংশ পৌরসভার নেই। বেতন-ভাতা না পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা অসহায় অবস্থায় পড়েছেন।
অর্থাভাবে অবসরের পর প্রাপ্য অর্থও পরিশোধ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন পৌরসভার ৭৬৯ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেছেন। তাঁদের অবসরকালীন ভাতা পরিশোধ করতে প্রয়োজন ১২৫ কোটি টাকা।
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আলীম মোল্লা বলেন, পৌর কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শাস্তি দেয় সরকার; আর বেতন দেয় পৌরসভা। সরকারি কর্মচারী হয়েও তাঁরা আর্থিক, সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শতাধিক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না ১০ মাসের বেশি সময়। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন বগুড়ার সান্তাহার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের ৫৫ মাসের বেতন বকেয়া।
১০ জুলাই সান্তাহার পৌরসভায় গিয়ে কথা হয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। পৌরসভায় সাংগঠনিক কাঠামোভুক্ত (নিয়মিত বেতন) ২ জন কর্মকর্তা এবং ৩২ জন কর্মচারী রয়েছেন। দৈনিক হাজিরার ভিত্তিতে ৯৪ জন। তাঁরা সর্বশেষ বেতন পেয়েছেন গত আগস্টে। পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বকেয়ার পরিমাণ ৮ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা।
বগুড়ার আরেক পৌরসভা গাবতলীর কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া আছে ২ থেকে ৪৮ মাস পর্যন্ত। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় ২০ মাস, খাগড়াছড়ির রামগড় ও নোয়াখালীর কবিরহাটে ২৩ মাস, কুষ্টিয়ার কুমারখালীতে ২৫ মাস, ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৬ মাস, দিনাজপুরের হিলিতে ২৯ মাস, রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ মাস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩২ মাস এবং বগুড়ার সারিয়াকান্দিতে ৪৮ মাসের বেতন বকেয়া রয়েছে।
এখন পর্যন্ত পৌরসভাগুলোর ৭৬৯ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেলেও কোনো পেনশন বা গ্র্যাচুইটি পাচ্ছেন না। সান্তাহার পৌরসভার বর্জ্য পরিবহনকারী ট্রাকচালক ছিলেন মো. সোহরাব হোসেন। তিনি ২৫ বছর কাজ করে ২০১৫ সালে অবসরে যান। তাঁর পেনশন পাওনা সাড়ে ১৬ লাখ টাকা। কিন্তু কিছুই পাননি তিনি। তাঁর মেয়ে শেফালী বেগম বলেন, ‘খুব অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি।’
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, পৌরসভাগুলো আগে নিজেদের আয়ে কোনোমতে চললেও এখন তা সম্ভব হচ্ছে না। অনেক পৌরসভা এমন এলাকায় করা হয়েছে, যেখানে নিজস্ব আয়ের সংস্থান করাই সম্ভব নয়।
১০, ১১ ও ১২ জুলাই নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটের ছয়টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা হয়। বেতন-ভাতার নিশ্চয়তা না থাকায় বাধ্য হয়ে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নানা কায়দায় বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করেন কেউ কেউ।
মন্ত্রণালয় সূত্র বলেছে, আগের বেতন স্কেল অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হতো ৩৫৭ কোটি ১৬ লাখ টাকা। ২০১৫ সালে সরকার নতুন বেতন স্কেল চালু করলে বেতন-ভাতা দ্বিগুণের বেশি বেড়ে যায়। পাশাপাশি বাড়াতে হয় চুক্তিভিত্তিক ও মাস্টাররোলে কর্মরত ব্যক্তির বেতনও।
পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংগঠন বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) সভাপতি পাবনার বেড়া পৌরসভার মেয়র মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের ব্যাপারে কমিটি করা হয়েছে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৫ ধারায় পৌরসভাকে সরকারের একটি প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইনের ৯১ (৪-এর ক) ধারায় বলা আছে, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা এর তহবিল থেকে দিতে হবে। তবে স্থানীয় সরকারের আরেক প্রশাসনিক ইউনিট ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে পরিষদের নিজস্ব আয় থেকে বেতনের ২৫ শতাংশ অর্থ জোগান দেওয়ার বিধান রয়েছে। সরকারি বরাদ্দ বাকি ৭৫ শতাংশ। একই ধরনের প্রশাসনিক ইউনিট হলেও বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, বেতন-ভাতা না হওয়া অবশ্যই অমানবিক বিষয়। পৌরসভাগুলোকে পরিকল্পনা নিয়ে কঠোর পরিবীক্ষণের মাধ্যমে সেটি বাস্তবায়ন করে আয় বাড়াতে হবে।