নিজস্ব উদ্যোগে বাঁধ নির্মাণ করছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের দক্ষিণ চাগাচর গ্রামের বাসিন্দারা শঙ্খনদের ভাঙন প্রতিরোধে নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে এক হাজার ৮০০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করছেন। এই বাঁধ নির্মাণে খরচ হবে এক কোটি ৫০ লাখ টাকা। এরই মধ্যে বাঁধের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দক্ষিণ চাগাচরের ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ করছেন গ্রামবাসী।গ্রামবাসী জানান, শঙ্খনদের অব্যাহত ভাঙনে দক্ষিণ চাগাচরের শত শত ঘরবাড়ি, জায়গাজমি নদগর্ভে বিলীন হয়ে গেছে। যুগ যুগ ধরে ভাঙনের কারণে গ্রামের চার ভাগের তিন ভাগ এলাকা এরই মধ্যে গ্রামের মানচিত্র থেকে হারিয়ে গেছে। অনেক সচ্ছল পরিবারও ঘরবাড়ি ও জায়গাজমি হারিয়ে পথে বসেছে। এলাকাবাসী জানান, গ্রামের যুবকেরা বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে অনেক আবেদন-নিবেদন করেছেন। কিন্তু এতে কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু তাঁরা নিরাশ হননি। গ্রামের অবশিষ্ট ঘরবাড়ি, জমি-জায়গা, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি হাসপাতাল ও বাজার রক্ষায় তাঁরা নিজেরাই বাঁধ নির্মাণের উদ্যোগ নেন। তাঁরা পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামবাসীকে তাঁদের সহযোগিতা করার আহ্বান জানান। এতে তাঁরা অকল্পনীয় সাড়া পান। গ্রামবাসী জানান, গ্রামের যুবকদের উদ্যোগে ৫০১ সদস্যের দক্ষিণ চাগাচর শঙ্খ ভাঙন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটি বাঁধ নির্মাণের জন্য এক কোটি ৫০ লাখ টাকার প্রকল্প হাতে নেয়। পরে কমিটি গ্রামবাসীর কাছ থেকে ৮০ লাখ টাকা সংগ্রহ করে। এই কাজে এগিয়ে আসেন গ্রামের দিনমজুরেরাও। তাঁরা কমিটিকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করে দেন।ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মো. হোসেন বলেন, এই বাঁধ নির্মাণের ফলে এলাকার স্কুল, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মাদ্রাসা, পোলট্রি ফার্ম, দোহাজারী-খাগরিয়া সড়ক ও বাজারসহ ছয় শতাধিক ঘরবাড়ি এবং এলাকার হাজার হাজার একর জমি শঙ্খনদের ভাঙন থেকে রক্ষা পাবে। তিনি বলেন, তাঁরা এ পর্যন্ত ৮০ লাখ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। বাকি কাজ শেষ করতে আরও ৭০ লাখ টাকা দরকার। কিন্তু এই টাকা সংগ্রহ করতে তাঁরা হিমশিম খাচ্ছেন। এ ব্যাপারে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান মো. হোসেন। বাঁধ নির্মাণ প্রকল্পের পরিচালক খোরশেদ আলম জানান, তাঁরা নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত ৩০ ভাগ কাজ শেষ করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে ৫০ ভাগ কাজ শেষ হবে। বর্ষা মৌসুমের আগেই বাকি কাজ শেষ হবে বলে তাঁরা আশা করছেন। তিনি জানান, ৩০ ভাগ কাজ শেষ করতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা। চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কথা শুনে গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বাঁধের নির্মাণকাজ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।