দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় নিজস্ব ঠিকানায় যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাজে ধীরগতির কারণে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে কার্যালয়ের নির্মাণকাজ শেষ করার মেয়াদ এক বছর পার হয়ে গেছে।
এদিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভবন বুঝিয়ে দিতে কমিশন থেকে গণপূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওই সময়ের মধ্যে নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ফলে নির্বাচনের আগে নতুন নিজস্ব ভবনে ওঠা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে।
জানতে চাইলে নির্মাণকাজ তদারককারী গণপূর্ত বিভাগ ১-এর উপবিভাগীয় প্রকৌশলী এস এম শাহরিয়ার নেওয়াজ বলেন, ‘অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হলেও এখনো অনেক কাজ বাকি। আগামী জানুয়ারির আগে ভবন বুঝিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। পারলে বেশিও লাগতে পারে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করতে।’
নগরের লাভলেইন পেট্রলপাম্পের পেছনে তিনতলাবিশিষ্ট এই নির্বাচন কার্যালয় নির্মিত হচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ শেষ করার কথা ছিল। ইতিমধ্যে ভবনটির তৃতীয় তলা পর্যন্ত অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়েছে। তবে আস্তর, ফিনিশিং, দরজা-জানালা লাগানোসহ নানা কাজ এখনো হয়নি। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন নিজস্ব ভবন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার চিন্তা করছে কমিশন। এর অংশ হিসেবে নির্বাচনের জন্য আসা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম সেখানে রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘কমিশন থেকে গণপূর্ত বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে কার্যালয় বুঝিয়ে দিতে বলা হয়েছে। এখন তারা বুঝিয়ে দিলে আমরা উঠে যাব।’
জানা গেছে, দশমিক ৩৩ একর জমিতে এই নির্বাচন কার্যালয়সহ সার্ভার স্টেশনটি নির্মিত হচ্ছে। সার্ভার স্টেশন হলে পরিচয়পত্রের ভুলভ্রান্তি কিংবা এ-সংক্রান্ত নানা কাজের জন্য ঢাকায় দৌড়াতে হবে না।
কোতোয়ালি থানার নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘সার্ভার স্টেশন ও নির্বাচন কার্যালয় এক জায়গায় থাকলে আমরা দ্রুত সেবা দিতে পারব। তখন বিভিন্ন নির্বাচনী কাজও সহজতর হবে।’