নিজস্ব ক্যাম্পাসে না গেলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিষ্ঠার পাঁচ বছর হওয়ার পরও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনানুযায়ী নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার কোনো প্রক্রিয়া শুরু করেনি, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১০ দিনের মধ্যে আইনকানুন দেখে আবার সভা করে ব্যবস্থার নেওয়ার কথা জানানো হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সভার সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালে আইন করে সময় বেঁধে দেওয়ার কারণে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। আইন করার আগে মাত্র চার-পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছিল। এখন নতুন দুটিসহ মোট ১৭টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গেছে। প্রায় সবাই ক্যাম্পাসের জন্য জমি কিনেছে। এর মধ্যে কতগুলো নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার পথে আছে, কতগুলো যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বাকি যেসব বিশ্ববিদ্যালয় একদমই যাওয়ার প্রক্রিয়া শুরু করেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের শর্ত পূরণ না করে থাকতে পারবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এখন পর্যন্ত ১১টি বিশ্ববিদ্যালয় জমি কিনলেও জমি ব্যবহারের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেনি এবং ভবন নির্মাণের জন্য নকশাও প্রণয়ন করেনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী প্রমুখ।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সূত্রমতে, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৭১টি। এর মধ্যে দুই দফায় সময় শেষ হওয়ার পর এখন পর্যন্ত পুরোনো ১৫টি আইনানুযায়ী নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস করে কার্যক্রম চালাচ্ছে। এর বাইরে বর্তমান সরকারের আমলে অনুমোদন পাওয়া ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি শুরু থেকেই নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে।
কিন্তু প্রতিষ্ঠার পাঁচ বছর হয়ে গেলেও ৩৭টি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি। এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।