নিজস্ব ক্যাম্পাসে যায়নি ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা দেওয়া সময় শেষ হয়েছে। তার পরও গেছে আরও সাড়ে ছয় মাস। কিন্তু প্রতিষ্ঠার পাঁচ বছর হয়ে গেলেও ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো আইনানুযায়ী নিজস্ব ক্যাম্পাসে যায়নি। পুরোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাত্র ১৫টি নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস করে কার্যক্রম চালাচ্ছে। এর বাইরে বর্তমান সরকারের আমলে অনুমোদন পাওয়া ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি শুরু থেকেই নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় হাঁকডাক করে বিশ্ববিদ্যালয়গুলোকে সময় বেঁধে দিয়ে বলেছিল নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে আজ সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে পর্যালোচনা সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। শিক্ষাসচিব কামাল আবদুল চৌধুরী বলেন, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সূত্রমতে, ২০১০ সালের শেষ দিকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এক বছরের সময় দিয়ে বলা হয়েছিল, যেসব বিশ্ববিদ্যালয় নিজস্ব (স্থায়ী) ক্যাম্পাসে যেতে ব্যর্থ হবে, তারা ২০১১ সালের সেপ্টেম্বরের পর আর শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এর চার মাস পর ২০১২ সালের জানুয়ারিতে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এক বছর সময় দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই সময়ও পার হয়েছে গত বছরের ডিসেম্বরে। আইনানুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার কথা। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে সারা দেশে ৭১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে প্রতিষ্ঠার পাঁচ বছর হয়ে যাওয়া ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে গেছে মাত্র ১৫টি বিশ্ববিদ্যালয়।
নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাসে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-চট্টগ্রাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, আহছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, গণবিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সাভারে নির্মাণাধীন নিজস্ব ক্যাম্পাসে আংশিক কার্যক্রম), বিজিসি ট্রাস্ট (চট্টগ্রামের চন্দনাইশে নিজস্ব ক্যাম্পাস থাকলেও আদালতের রায়ে চট্টগ্রাম শহরে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে) ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম (চট্টগ্রামে নিজস্ব ক্যাম্পাস থাকলেও আদালতের রায়ে ঢাকায় অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে)। ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৫টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গেছে। বাকিগুলোর প্রায় সবাই জমি কিনে নিজস্ব ক্যাম্পাসের প্রক্রিয়া শুরু করেছে।’