নিজস্ব ছকে এগোচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত বিরোধী দল সময় বেঁধে দিলেও তা আমলে নিচ্ছে না সরকার। বরং নির্বাচন নিয়ে নিজস্ব পরিকল্পনা ও ছকমতো এগোচ্ছে সরকার। একই সঙ্গে বিরোধী দলের সম্ভাব্য ‘কঠোর আন্দোলন’ মোকাবিলায়ও নানা পরিকল্পনা আঁটা হচ্ছে।

সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে জানা যায়, দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি দলীয় সরকারের অধীন নির্বাচনে না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার নামে সরকার যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠান করার পথে এগোচ্ছে। তবে অক্টোবরের শেষ সপ্তাহে বিরোধী দল হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচির যে হুমকি দিয়ে রেখেছে, সেটাকে বিবেচনায় নেওয়া হয়েছে। তা মোকাবিলায় বিরোধী সব পক্ষের ওপর নজরদারি বাড়ানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কর্মকৌশল ঠিক করা হচ্ছে।

সরকারি একাধিক সূত্র জানায়, সরকার মনে করছে, নির্বাচন প্রতিহত করা বা সরকারকে বেকায়দায় ফেলার মতো আন্দোলন গড়ে তোলার সামর্থ্য বিএনপির নেই। তবে বিএনপি শেষ সময়ে শ্রমিক অসন্তোষ ও হেফাজতে ইসলামকে কাজে লাগিয়ে সরকারকে শেষ ধাক্কা দেওয়ার চেষ্টা করতে পারে। এ কারণে শ্রমিকদের নিয়ন্ত্রণে এখন থেকেই তৎপরতা চালানো হচ্ছে। শ্রমিকদের বিষয়টি দেখভালের জন্য আগে থেকেই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচি নিয়েও সরকার চিন্তা-ভাবনা করছে। বিরোধী দল যাতে ধর্মীয় সংগঠনগুলোকে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কৌশল ঠিক করতে সরকারের শীর্ষপর্যায়ে আলোচনা হচ্ছে। আর জামায়াত-শিবিরের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় প্রশাসনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইভাবে দলীয় প্রস্তুতিও আছে।’

আওয়ামী লীগের নেতারা জানান, বিরোধী দল ও বিদেশি কূটনীতিক মহল থেকে সংকট সমাধানে সংলাপের কথা বলা হলেও বিষয়টিকে আওয়ামী লীগ আমলে নিচ্ছে না। মুখে সংলাপের কথা বললেও এ ব্যাপারে সরকারি দলের ন্যূনতম আগ্রহ নেই। বরং সরকার আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে দেশের রাজনৈতিক দলগুলোর বড় অংশ অন্তর্বর্তী সরকারের পক্ষে। এ কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ১৪ দলসহ মহাজোটের শরিক দলগুলোর অনেককে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিরোধী দলকে সংলাপে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা দলের নেই। তিনি বিরোধী দলের কঠোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে বলেন, রাজপথ দখল করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে অংশ নিতে হবে।