সরকারি কর্মকর্তাদের সবার আগে নিজস্ব জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। রাজধানীতে গতকাল শনিবার ‘সরকারি দপ্তরে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সরকারি দপ্তরে কর্মমূল্যায়ন ব্যবস্থাপনা পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন গওহর রিজভী। তিনি বলেন, এটি সরকারি দপ্তরের জবাবদিহি নিশ্চিত করা ও সাফল্য মূল্যায়নের একটি কার্যক্রম। পার্শ্ববর্তী দেশ ভারতে এ পদ্ধতি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব প্রজাপতি ত্রিবেদী বলেন, উন্নয়নের মূল বিষয় হলো কার্যকর বাস্তবায়ন। আর বাস্তবায়ন নির্ভর করে কার্যকর ফলোআপের ওপর।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারবিষয়ক সচিব নজরুল ইসলাম।