নিজস্ব নিয়মে শেয়ার কেলেঙ্কারির তদন্ত করবে দুদক
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শেয়ারবাজার কেলেঙ্কারির বিষয়ে নিজস্ব নিয়মে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রতিবেদনের সাহায্য নেওয়া হতে পারে। তবে খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনের সঙ্গে দুদকের অনুসন্ধানের কোনো সম্পর্ক নেই এবং ওই প্রতিবেদনও অনুসরণ করা হবে না।গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান। পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। পাঁচ সদস্যের এই অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন সংস্থার উপপরিচালক হারুনুর রশিদ।যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান গোলাম রহমান। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যেই হোন, আইন ও দুদকের চোখে সমান। তাই কাউকেই ছাড় দেওয়া হবে না। দুদকের তদন্তের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘আমরা নিরপরাধকে অপরাধী বানাই না এবং অপরাধীকে নিরপরাধ বানাই না। তাই অনুসন্ধান কর্মকর্তাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন অনুযায়ীই ব্যবস্থা নেবে দুদক।’