রফিক-উল হক ও সামন্ত লাল পেলেন শেল্টেক্ পদক

নিজ নিজ ক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য আইনজীবী রফিক-উল হক এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সামন্ত লাল সেনকে শেল্টেক্ পদক দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ২০১৩ ও ২০১৪ সালের পদক তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পদক তুলে দেন শেল্টেক্-এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ।
২০১৩ সালের শেল্টেক্ পদক পান আইনজীবী রফিক-উল হক। তিনি ১৯৬০ সালে কলকাতা হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে আপিল বিভাগে যোগ দেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত। অনুষ্ঠানে রফিক-উল হক জানান, পুরস্কারটি তাঁর স্ত্রীর নামে প্রতিষ্ঠিত ড. ফরিদা হক স্মৃতি হাসপাতালে দান করে দেবেন।
২০১৪ সালের শেল্টেক্ পদক পান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সামন্ত লাল সেন। ১৯৭২ সাল থেকে তিনি চিকিৎসা পেশায় যুক্ত। তিনি বর্তমানে জাতীয় প্রধান সমন্বয়কারী ও অবৈতনিক উপদেষ্টা হিসেবে বার্ন চিকিৎসা সম্প্রসারণ সমগ্র বাংলাদেশ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সামন্ত লাল সেন পুরস্কারটি বার্ন রোগীদের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন।
শেল্টেক্ ১৯৯৮ সাল থেকে দেশের বরেণ্য ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘শেল্টেক্ পদক’ দেওয়া শুরু করে। প্রতিটি পদকের মূল্যমান দুই লাখ টাকা এবং একটি ক্রেস্ট।