১১ শিবির নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবাসে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিবিরের ১১ নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের পেছনে পাহাড়ের ঝোপ থেকে ককটেল উদ্ধারের ঘটনায় শিবিরের ৪৭ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শিবিরের ১১ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর
শিক্ষকবাসে হামলার ঘটনায় হাটহাজারী থানা পুলিশ শিবিরের ১১ নেতা-কর্মীকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান দুজনের দুদিন করে এবং বাকি নয়জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক উনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘শিবির কর্মী রাকিব ও তৌহিদুলের দুদিন এবং বাকি নয়জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’

মামলা দায়ের
গতকাল রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ছাত্রাবাসের পেছনের পাহাড়ের ঝোপ থেকে ২১টি ককটেল উদ্ধার করে। এই ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করে পুলিশ।
মামলার বাদী হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ ধর প্রথম আলোকে বলেন, ‘ককটেল উদ্ধারের ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪/৬ ধারায় এবং বিশেষ ক্ষমতা আইনের ১০ ধারায় মামলাটি দায়ের করি। এতে এফ রহমান ও আলাওল ছাত্রাবাসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।’

আটক পাঁচ
গতকাল রোববার থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করেছে। এঁদের মধ্যে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে, বাকিরা হাটহাজারী থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে থানার কমল কৃষ্ণ ধর বলেন, ‘বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জনের ফোনলিস্ট চেক করে শিবির-সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয় পরিস্থিতি
গতকাল তৃতীয় দিনের মতো এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাস ও শাটল ট্রেন চলাচল করলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। তাই সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস হয়নি।

জিহাদি বই ও রামদা উদ্ধার
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মামুন স্মৃতি পাঠাগার নামক শিবিরের একটি কার্যালয় থেকে ১০ বস্তা জিহাদি বই ও সিডি, একটি রামদা উদ্ধার করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী থানার উপপরিদর্শক আতিক জানান, ‘এসময় কাউকে আটক করা যায়নি।’

১০ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবাসে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ১২ শিক্ষকসহ ১৪ জন আহত হন।