চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ বছর আগে আবদুল আউয়াল নামে এক ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন কুমিল্লার মুরাদনগরের জাকির হোসেন ও হবিগঞ্জের মো. শাহাব উদ্দিন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ৫ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার গোচরা এলাকায় পাহাড়ের পাদদেশে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করা হয়। সপ্তাহ খানেক পর জানা যায় লাশটি ভাঙারি ব্যবসায়ী আবদুল আউয়ালের। ওই ঘটনায় জড়িত জাকির নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। একটি মুঠোফোনকে কেন্দ্র করে জাকির হোসেন ও শাহাব উদ্দিন আদালতে দেওয়া জবানবন্দিতে আউয়ালকে হত্যার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৯ আগস্ট আদালতে দুজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় হাজির ছিলেন দুই আসামি। পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়।