রাসায়নিক দিয়ে ধান নষ্ট
নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পলাশডাঙ্গা মৌজার নয় বিঘা জমির বোরো ধান রাসায়নিক ছিটিয়ে ঝলসে দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল।
এ জমির ভোগদখলকারী ও আবাদি কৃষক তেঁতুলিয়া গ্রামের জমির উদ্দীন বলেন, পলাশডাঙ্গা মৌজার এ জমি তিনি একই গ্রামের মমতাজ আলী সরকারের কাছ থেকে ১৯৯১ সালে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করছেন। কিন্তু একই ইউপির কাশিতারা গ্রামের জিল্লুর রহমান ওই জমি দখল করতে চান। তাঁর লোকজনই রাতে বিষ ছিটিয়ে ধান ঝলসে দিয়েছে। একইভাবে গত বছরও এ জমির ধান নষ্ট করা হয়েছিল।
এ নিয়ে পোরশা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বছরের ঘটনায় দায়ের করা মামলা এখনো বিচারাধীন।
জমির উদ্দীন বলেন, ‘গত বছর প্রতিপক্ষ ধান পুড়িয়ে দিলে সে ক্ষতিই পুষিয়ে উঠতে পারিনি। এখন ধার শোধ করব না খাব?’
অভিযুক্ত জিল্লুর রহমানের ছেলে আতাউর রহমান বলেন, ‘কে বা কারা ওই জমির ধান পুড়িয়েছে তা আমরা জানি না। তবে ওই জমিসংক্রান্ত মামলায় জজ কোর্ট থেকে আমাদের পক্ষে রায় আছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।