রাঙামাটি শহরে যুবককে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের বনরূপা এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রমেশ চাকমা (৩০) নামের এক যুবককে গুলি করা হয়েছে। তবে গুলিটি লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। প্রমেশকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রমেশ চাকমা হাসপাতালে প্রথম আলোকে বলেন, ‘আমি আত্মীয়ের বাসায় মোটরসাইকেল রাখার জন্য শহরের মূল সড়ক থেকে গলিতে ঢোকার পরপরই পেছন থেকে এক দুর্বৃত্ত গুলি করে। কিন্তু গুলি লক্ষভ্রষ্ট হয়ে বাঁ কান ভেদ করে চলে যায়। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন।’
প্রমেশ চাকমা জানান, তিনি কোনো সময় কোনো রাজনৈতিক বা ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্ত গুলি করার পরপরই মূল সড়কে এসে পিস্তল হাতে দৌড়াতে শুরু করে। এ সময় লোকজন তাকে ধাওয়া করে। পরে শহরের হ্যাপির মোড় এলাকায় এসে পিস্তলটি ফেলে চম্পক নগর সড়ক দিয়ে দুর্বৃত্ত পালিয়ে যায়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী বলেন, উদ্ধার করা বিদেশি পিস্তলে তিন রাউন্ড তাজা গুলি এবং ঘটনাস্থলে গুলির একটি খোসা পাওয়া গেছে।