দেবহাটায় জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ
সাতক্ষীরায় গুলিবিদ্ধ অবস্থায় জামায়াতের এক কর্মীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ফারুক হোসেন (৪৮) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মাদার মোল্লার ছেলে। তিনি দেবহাটা উপজেলা জামায়াতের কর্মী।
গত বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দেবহাটা সদরের সুশীলগাতি প্রাইমারি বিদ্যালয়ের পাশে পুলিশ অভিযানে গেলে দূর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। এ সময় তারাও পাল্টা গুলি ছোড়েন। প্রায় ১৫ মিনিট এভাবে সংঘর্ষ চলার পর দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানা যায়, তিনি জামায়াতের কর্মী। গুলিবিদ্ধ ফারুক হোসেন জানান,
তিনি একজন ছোট ব্যবসায়ী। জামায়াতের মিছিল ও সভায় অংশ নেন। কিন্তু কোনো ধরনের সহিংসতা কিংবা নাশকতার সঙ্গে জড়িত নন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে থানার মধ্যে চোখ বেঁধে আটক রাখা হয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে চোখ বেঁধে তাঁর থানা থেকে কিছু দূরে নিয়ে গিয়ে পায়ে গুলি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, ফারুক হোসেনের বাঁ পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।