স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা ওরফে পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নাজমুলের শ্বশুর তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, প্রায় চার বছর আগে তাঁর মেয়ে নিগার সুলতানার সঙ্গে নাজমুলের বিয়ে হয়। তাঁদের দুটি জমজ ছেলে আছে।
নজরুল ইসলাম অভিযোগ করেন, নাজমুল মাদকাসক্ত। তিনি নেশার টাকার জন্য তাঁর মেয়েকে মারধর করতেন। গত বৃহস্পতিবার রাতে নিগার সুলতানাকে বেধড়ক মারধর করেন নাজমুল। তখন নাজমুলকে নিবৃত্ত করতে তাঁর শাশুড়ি তরুণা বেগম এগিয়ে আসেন। নাজমুল তাঁকেও মারধর করেন। নিগার সুলতানাকে অসুস্থ অবস্থায় তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শাহারুল ইসলাম বলেন, নিগার সুলতানার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নজমুল প্রথম আলোকে বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আমাকে প্রায়ই মারধর করে। বৃহস্পতিবার রাতে ওরা আমাকে মেরেছে। আমিও মেরেছি। আজ শুক্রবার আমার শ্বশুর নজরুল আমাকে মারধর করে থানা-পুলিশের কাছে দিয়েছে।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া বলেন, নির্যাতন করার অভিযোগে নিগার সুলতানা থানায় তাঁর স্বামী নাজমুলের বিরুদ্ধে মামলা করেছেন। নাজমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।