কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে গত সোমবার রাতে এক তরুণ তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গড়কমরপুর বিল থেকে গতকাল মঙ্গলবার সকালে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ৷
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে খুন হওয়া ব্যক্তির নাম খেদবার আলী (৫০)৷ পুলিশ ও এলাকাবাসী জানান, খেদবার আলীর ছেলে শিপন আলী (২৫) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কয়েক দিন আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে শিপন তাঁর বাবার কাছে কিছু টাকা চান৷ টাকা দিতে রাজি না হওয়ায় বাবা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে ছেলে লাঠি দিয়ে বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে বাড়ির লোকজন খেদবার আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, নিহত ব্যক্তির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। ঘটনার পর থেকে শিপন পলাতক।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিহত ব্যক্তির নাম হোসেন আলী গাজী (২১)। তিনি উপজেলার বড়কুপট গ্রামের মালিপাড়ার রফিকুল ইসলাম গাজীর ছেলে। তাঁর ফুফাতো ভাই আবু সাঈদ জানান, সোমবার বিকেলে প্রতিবেশী বন্ধু সেলিম হোসেনের মোটরসাইকেলে চেপে বের হওয়ার পর রাতে তাঁর ভাই হোসেন আলী গাজী আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে পদ্মপুকুর গ্রামের একটি ফাঁকা বিলের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সেলিম হোসেন নামের একজনকে আটক করেছে৷
দেবহাটায় নৌকাচাপায় বালুশ্রমিকের মৃত্যু:
আমাদের নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে দেবহাটা উপজেলা জলকপাটসংলগ্ন ইছামতীর চরে নৌকার চাপা পড়ে আবু হাসান (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি উপজেলা শহরের ওয়াজেদ আলীর ছেলে। হাসানের সহকর্মী রমজান গাজী ও ইব্রাহিম গাজী জানান, হাসানসহ তাঁরা চারজন শ্রমিক গতকাল সকালে ইছামতী নদীর চরে রেখে একটি নৌকার তলায় মেরামতের কাজ করছিলেন। হঠাৎ নৌকাটি উল্টে আবু হাসান চাপা পড়েন।