ফ্লাই দুবাইয়ের সরাসরি ফ্লাইট বাতিল, যাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘ফ্লাই দুবাই’-এর সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়ায় গতকাল সোমবার বিমানবন্দরে বিক্ষোভ করেছেন যাত্রীরা। ১ এপ্রিল বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমান অবতরণের মধ্য দিয়ে সিলেটে নিয়মিত সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের সূচনা হয়েছিল।
ওই দিনের ফ্লাইটের পর থেকে নিয়মিত ফ্লাই দুবাইয়ের অবতরণের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। গতকাল সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের সব ফ্লাইট বন্ধ করার ঘোষণায় যাত্রীরা সকালে কয়েক দফা বিক্ষোভ করেন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিকেলে বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ঢাকা-সিলেট-ঢাকা পথে যাত্রার আনুষ্ঠানিকতায় উপস্থিত হওয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরাসরি ফ্লাইট অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিমানবন্দর সূত্র জানায়, ১ এপ্রিল ফ্লাই দুবাইয়ের একটি এয়ারবাস অবতরণ করে। রিফুয়েলিং শেষে আবার যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। এটাই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি বিমানের সরাসরি ফ্লাইট। উদ্বোধনী দিনে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছিল, সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার ছাড়া পাঁচ দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। কিন্তু উদ্বোধনী ফ্লাইটের পর ফ্লাই দুবাই আর সিলেটে অবতরণ করেনি। গতকাল দুবাইগামী যাত্রীরা বেলা ১১টায় ওসমানী বিমানবন্দরে যান। বিমানবন্দরের ভেতরে ফ্লাই দুবাইয়ের কোনো কর্মকর্তাকে না পেয়ে তাঁরা এয়ারলাইনসটির সিলেট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর না পাওয়ায় যাত্রীরা বিমানবন্দরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। একাধিক যাত্রী জানান, আগামীকাল বুধবারের মধ্যে দুবাই যেতে না পারলে তাঁদের ভিসা-সংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। ফ্লাই দুবাই সিলেট কার্যালয়ে যোগাযোগ করলে সেখান থেকে সাংবাদিকদের জানানো হয়, গতকালের নির্ধারিত ফ্লাইটটি দুই দিন আগে বাতিল করা হয়েছে। যাঁরা নিজ দায়িত্বে ঢাকা বা চট্টগ্রামে যেতে পারবেন, তাঁদের সেখান থেকে ফ্লাইট দেওয়া হবে।
এদিকে বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট শুরুর আনুষ্ঠানিকতায় বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ফ্লাই দুবাই এয়ারলাইনস নিয়ে কিছু অভিযোগ এসেছে। এটি খতিয়ে দেখা হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সারা দেশে বিমানের সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। খুব শিগগির সিলেট-লন্ডন কার্গো সার্ভিসও চালু হবে।
বেলা তিনটা ৫৭ মিনিটে ডি-৮ বিজি-৪০৩ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদ উস সামাদ চৌধুরী ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন বক্তব্য দেন।