
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও নিজস্ব ব্র্যান্ডে পণ্য রপ্তানির ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল শুক্রবার মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধনকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বিশ্বের বিভিন্ন স্থানে পণ্যের বাজার অনুসন্ধান এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করার তাগিদ দেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য নতুন জ্ঞানভিত্তিক কৌশল অবলম্বন করতে হবে। মাথা উঁচু করে বৈশ্বিক সম্প্রদায়ের মধ্যে বেঁচে থাকতে সারা বিশ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এখন রপ্তানি বহুমুখীকরণ এবং প্রচলিত ও অপ্রচলিত পণ্যের জন্য নতুন বাজার অনুসন্ধান করতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসার ব্যবস্থাপনায় আমাদের দক্ষ ও কার্যকর হতে হবে।’ পণ্যের মান, ব্র্যান্ড এবং উৎপাদন সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে উৎপাদকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব ব্র্যান্ডে পণ্য রপ্তানি করতে পারলে তা আমাদের জন্য সহজ ও লাভজনক হবে। এতে রপ্তানির পরিমাণ এবং বিদেশে আমাদের পণ্যের বাজার বৃদ্ধি পাবে।’
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (বিইপিবি) যৌথভাবে ২১তম বাণিজ্য মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ বক্তৃতা করেন। মন্ত্রিপরিষদের সদস্য, পদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী ও রপ্তানিকারক নেতাদের পাশাপাশি দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে ডিআইটিএফ এখন স্বীকৃত। এটি বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বিদেশে কৃষিপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে আমাদের প্রচলিত ও অপ্রচলিত কৃষিপণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।’ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার একটি রপ্তানিবান্ধব নীতি প্রণয়ন করছে। আগামী দিনগুলোতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গত কয়েক বছরে বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ শুধু উন্নয়নশীল দেশের তুলনায় ভালো করছে তা-ই নয়, কোনো কোনো ক্ষেত্রে উন্নত কয়েকটি দেশের চেয়েও ভালো করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশকে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় দেশগুলোর তালিকার প্রথম দিকে স্থান দিয়েছে। প্রাইস ওয়াটারহাউস কুপার্স মনে করছে, পরবর্তী ১১টি দেশের তালিকায় প্রথমে থাকা বাংলাদেশের অর্থনীতি ২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে। সার্কের গবেষণা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সিটি ইনভেস্টমেন্ট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বাংলাদেশকে বিশ্বের দ্রুত প্রবৃদ্ধির দিক দিয়ে অগ্রসরমাণ দেশগুলোর তালিকায় প্রথম দিকে স্থান দিয়েছে। আইএমএফ, ওয়াল স্ট্রিট জার্নাল ও জেপি মরগ্যান বাংলাদেশকে অপার সম্ভাবনাময় দেশগুলোর তালিকায় প্রথম সারিতে রেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।’ রপ্তানির বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে অবস্থান করে নিতে পারবে বলে জোরালো আশা প্রকাশ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।