নিজস্ব ভবন নেই, অন্য বিদ্যালয়ে চলে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় পাশের উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে চলছে দুই শ্রেণির পাঠদান। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় পাশের উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে চলছে দুই শ্রেণির পাঠদান। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় উচ্চবিদ্যালয়ের ধার করা দুই কক্ষে চলছে ওই বিদ্যালয়ের পাঠদান। তা-ও আবার একটি কক্ষে একসঙ্গে চালাতে হচ্ছে দুই শ্রেণির ক্লাস।

নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৩৬ সালে স্থাপিত। ১৯৭৩ সালে এটি সরকারি হয়। এই বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট একমাত্র টিনশেড ভবনটি ভূমিকম্পে ফেটে গেলে ২০১৫ সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। ২০১৫ সালের জানুয়ারিতে এই ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে পাশের নারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দুটি কক্ষে প্রাথমিকের ক্লাস শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা উচ্চবিদ্যালয়ের ওই দুটি কক্ষ ব্যবহারের অনুমতিও দেন।

গতকাল রোববার বেলা ৩টায় সরেজমিনে দেখা গেছে, একটি কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৫-৪০ জন বসা। পূর্ব সারির তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের অঙ্ক ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষক রওশন জাহান। মধ্য ও পশ্চিম সারিতে বসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক নিলুফার ইয়াসমিন।

তৃতীয় শ্রেণির ছাত্রী জেমি আকতার বলে, ‘দুজন আপা একসঙ্গে বই পড়ান। ফোরের ছেলেমেয়েরা খুব গোলমাল করে, তাই আপাদের কথা শুনতে কষ্ট হয়।’

চতুর্থ শ্রেণির ছাত্রী আর্ণিকা (১০) বলে, ‘আমাদের ভাঙ্গা স্কুলটা ভালো হবে না স্যার? এইটা মানুষের স্কুল? খালি দুটা ঘর, ভালো করে বসতে পারি না। মাঠে খেলতে গেলেই ওই স্কুলের ছেলেরা মারে।’

সহকারী শিক্ষক সুবর্ণা রায়, সাহানা পারভীন ও নিলুফার ইয়াসমীন আক্ষেপ করে বলেন, ‘একটি কক্ষেই দুজন শিক্ষককে ঠাসাঠাসি করে দুই শ্রেণির ক্লাস নিতে হয়। ভবনের অভাবে বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য।’

প্রধান শিক্ষক রওশন জাহান বলেন, ‘সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস হয় পরিত্যক্ত ভবনের বারান্দায়। একই সময়ে উচ্চবিদ্যালয়ের কক্ষ দুটির মধ্যে একটিতে প্রথম, অপরটিতে পঞ্চম শ্রেণির সমাপনী প্রস্তুতি ক্লাস হয়। দুপুর থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস বসে। একটি কক্ষে একত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলে আর অপর কক্ষে চলে পঞ্চম শ্রেণির ক্লাস। উচ্চবিদ্যালয়ের ছেলেমেয়েরা বল খেলে, তাই মাঠেও ক্লাস বসানো যায় না।

বিদ্যালয়ের সভাপতি মো. সাহেদুজ্জামান বলেন, ‘ভবন না থাকায় বাচ্চাগুলোকে পাশের উচ্চবিদ্যালয়ে গিয়ে পড়তে হচ্ছে, এটা দুঃখজনক। এখানে জরুরি ভিত্তিতে নতুন ভবন দরকার।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পরিত্যক্ত টিনের চালার ঘরটি বাসযোগ্য করতে মেরামতের জন্য অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে।

ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, গত বছরের আগস্ট মাসে প্রাথমিক ও গণশিক্ষাসচিব পীরগঞ্জে সফরের সময় তাঁকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া নতুন ভবন চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠিও দেওয়া হয়েছে।