নিজস্ব ভাষা-সংস্কৃতিকে রক্ষা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব ভাষা, সমাজ ও সংস্কৃতির অধিকার সমুন্নত রাখার আন্দোলন জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাঙামাটির বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) ১৫তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত কয়েক হাজার মারমা ছাত্রছাত্রী অংশ নেন।
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় মাঠে সকালে সম্মেলনের উদ্বোধন করেন খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিএমএসসির সাবেক সভাপতি অংচানু মারমা।
অনুষ্ঠানে সাচিংপ্রু চৌধুরী বলেন, ১৯৮৯ সালে বিএমএসসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুধু মারমা সমাজের জন্য নয়, অন্যান্য সম্প্রদায়ের শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনগ্রসর সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে তাদের আরও বেশি কাজ করতে হবে।
দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। এতে অন্যদের মধ্যে আলোচনা করেন চাকমা রাজা দেবাশীষ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন বিএমএসসির সভাপতি বো অং সিং মারমা।
অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আসা সংগঠনের আঞ্চলিক শাখার নেতা-কর্মীরা মারমা সমাজের সমস্যা-সংকট ও অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন।
প্রধান আলোচক চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, ছাত্র-যুব সমাজকে আত্মপ্রত্যয়ী হয়ে নিজেদের সমাজ-সংস্কৃতি ও দেশের জন্য স্বপ্ন দেখতে হবে। কারণ, স্বপ্ন ছাড়া কোনো ব্যক্তি ও সমাজ বড় হতে পারে না। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে যে সম্পদ আছে, তা কাজে লাগাতে পারলে নিজেদের অগ্রগতির পাশাপাশি দেশের জন্য অবদান রাখা সম্ভব হবে।
সম্মেলন শেষে চাই থোয়াই অং মারমাকে সভাপতি, অংব্রী থোয়াইকে সাধারণ সম্পাদক ও চাইহ্লাউ মারমাকে সাংগঠনিক সম্পাদক করে বিএমএসসির ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।