নিজাম উদ্দিন আহাম্মদ ন্যায়ের পক্ষে কথা বলতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রয়াত নিজাম উদ্দিন আহাম্মদ শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন সফল সংগঠক। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ন্যায়ের পক্ষে কথা বলতেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।’শেরপুরের সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন আহাম্মদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান।অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী বলেন, নিজাম উদ্দিন আহাম্মদ ছিলেন অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার ধারক-বাহক এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনিও ছিলেন সোচ্চার। কিন্তু জীবদ্দশায় তিনি এদের বিচার দেখে যেতে পারেননি। তিনি বলেন, এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। স্মরণসভায় আরও বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পুলিশ সুপার আনিসুর রহমান।স্মরণসভা শেষে ভূমিমন্ত্রী নিজাম উদ্দিন ফাউন্ডেশন আয়োজিত শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।