নিজাম-একরামের দ্বন্দ্বই আলোচনার কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে ফেনী-পরশুরাম সড়কের সিলোনিয়া নদীর ওপর নির্মিত বন্দুয়া বেইলি সেতুর পাটাতন খুলে ফেলেন তাঁর সমর্থকেরা l ছবি: প্রথম আলো
চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে ফেনী-পরশুরাম সড়কের সিলোনিয়া নদীর ওপর নির্মিত বন্দুয়া বেইলি সেতুর পাটাতন খুলে ফেলেন তাঁর সমর্থকেরা l ছবি: প্রথম আলো

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হককে হত্যার ঘটনায় স্বদলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব সন্দেহের তালিকায় প্রথমে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সূত্রগুলো৷ এ ঘটনার পর স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে একরামের দ্বন্দ্বের কথা ফেনীতে ব্যাপকভাবে আলোচনায় এসেছে৷
নিহত একরামের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, হামলাকারীদের অনেককে চেনা গেছে৷ এতে কিছু ভাড়াটে সন্ত্রাসীকেও ব্যবহার করা হয়েছে৷
জানতে চাইলে ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, ‘পুলিশ বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে৷ কয়েকজনকে আটকও করা হয়েছে৷ সুষ্ঠু তদন্তের স্বার্থে আর কিছু বলতে পারছি না৷’
স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময়ের সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীকে ফেনীর আওয়ামী লীগের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে নিজাম হাজারী ও একরাম ছিলেন এককাট্টা৷ একজনের বিপদে আরেকজন ছুটে যেতেন৷ একরাম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর নিজাম হাজারী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷
খুন হওয়ার আগ পর্যন্ত একরামের সঙ্গে নিজাম হাজারীর মধ্যে দৃশ্যত সুসম্পর্ক থাকলেও বছর খানেক ধরে তাঁদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে আসছিল৷ ফেনীর বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নকাজের দরপত্রের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করতেন একরাম৷ এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় বলে জানা গেছে৷
সর্বশেষ ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দুজনের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়৷ এই নির্বাচনে ফেনী-১ আসন থেকে একরাম ও ফেনী-২ আসন থেকে নিজাম হাজারী মনোনয়ন চান৷ এর মধ্যে নিজাম হাজারী মনোনয়ন পেলেও একরাম পাননি৷ সেখানে মহাজোটের শরিক জাসদের শিরীন আখতার মনোনয়ন পান৷ এই অবস্থায় একরাম ও তাঁর অনুসারীদের মধ্যে ধারণা বদ্ধমূল হয় যে স্বদলীয় রাজনৈতিক কৌশলে তিনি ধরাশায়ী হয়েছেন৷
এরপর একরাম ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন৷ তাতে ফুলগাজী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীরসহ দলের একাংশ বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে বলে অভিযোগ আছে৷ এ ক্ষেত্রে নিজাম হাজারীর হাত ছিল বলে একরাম সন্দেহ করতেন৷
একরামের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, একরামের একসময়ের ঘনিষ্ঠ ক্যাডার জাহিদ আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন৷ কিন্তু একরাম তা হতে দেননি৷ এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়৷ এখন একরাম হত্যার ঘটনায় জাহিদকেও সন্দেহের তালিকায় রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ কারণ, যে এলাকায় একরাম খুন হন, সে এলাকায় জাহিদ-নিয়ন্ত্রিত একটা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে৷ এর বিপরীতে একই এলকায় একরামও একটি সন্ত্রাসী গ্রুপ দাঁড় করান৷
১৯৯৯ সালে ওই একই এলাকায় ফুলগাজী যুবলীগের নেতা আবুল বশর ওরফে বইশ্যাকে যখন নৃশংসভাবে খুন করা হয়, তখন সন্দেহের তালিকায় ওই জাহিদের নাম এসেছিল৷ তখন বশরের সঙ্গে একরামের বিরোধ ছিল৷ এখন একরাম হত্যার ঘটনায়ও জাহিদকে সন্দেহ করছেন একরামের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক সহকর্মী৷
অবশ্য একরামের ভাই বাদী হয়ে ফেনী থানায় যে মামলা করেছেন, তাতে আসামি করা হয়েছে ফেনী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীকে৷ ব্যবসায়ী মাহতাব চৌধুরী মূলত ঢাকায় থাকেন৷ তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী ছিলেন৷
গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একরাম খুন হন৷ এখন এ ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে৷ তিনি দাবি করেন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারীর সঙ্গে একরামের দ্বন্দ্ব চরম আকারে ছিল, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ নিজাম হাজারী একটি অস্ত্র মামলার সাজা কম খেটে জালিয়াতি করে জেল থেকে বেরিয়ে যাওয়ার একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হওয়ার পর দুজনের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে৷
প্রসঙ্গত, নিজাম হাজারীকে নিয়ে ‘সাজা কম খেটে বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে প্রথম আলোয় ১০ মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷
অবশ্য একরামের সঙ্গে বিরোধ থাকার কথা অস্বীকার করেন সাংসদ নিজাম হাজারী৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘একরাম আমার ছোট ভাই৷ তাকে আমি স্নেহ করতাম৷ গত ১৭ মে ফেনীর ছয়টি উপজেলার চেয়ারম্যানদের নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি৷ সেখানে একরামও ছিল৷ প্রধানমন্ত্রীকে বলেছি, বিএনপির কিছু লোকজনের সহযোগিতায় আমাদের দলের কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ আমাকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনি৷ তিনি আমাকে মামলা করার পরামর্শ দেন৷ আমি চুপ ছিলাম৷ মামলা-মোকদ্দমার পক্ষে আমি নই৷’
এদিকে গত রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিবিসিকে বলেছেন, ‘ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামকে হত্যার ধরন দেখে এটা রাজনৈতিক হত্যা বলে মনে হচ্ছে৷ যেভাবে আক্রোশের সঙ্গে পুড়িয়ে মারা হয়েছে, তাতে মনে হয় এটা পূর্বপরিকল্পিত৷ এর প্রস্তুতি পর্বও ছিল, ষড়যন্ত্র পর্বও ছিল এবং আরও ঘটনা ছিল৷’ তিনি মনে করেন, এর দায় প্রশাসনকেও নিতে হবে৷ তবে এখন কাজ হলো আসামি ও সন্দেহভাজনদের গ্রেপ্তার করা৷ আইনের আওতায় আনা এবং মামলা শুরু করা৷