নিজাম হাজারী কত দিন জেলে ছিলেন তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী কত দিন কারাগারে ছিলেন, আদৌ তিনি ১০ বছর কারাদণ্ড ভোগ করেছেন কি না, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। নিজাম হাজারীর সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে দেওয়া রুল শুনানির একপর্যায়ে আদালত ওই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন মনজিল মোরসেদ। নিজাম হাজারীর পক্ষে ছিলেন সাংসদ নুরুল ইসলাম সুজন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। প্রথম আলোর পক্ষে ছিলেন আফতাব উদ্দিন ছিদ্দিকী।
পরে আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, নিজাম হাজারী আদৌ ১০ বছর কারাদণ্ড ভোগ করেছেন কি না, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তিনি কারাগার থেকে কীভাবে মুক্তি পেয়েছেন, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে চট্টগ্রামের মহানগর দায়রা জজকে প্রতিবেদন দিতে হবে। তিনি জামিনে না সাজায় রেয়াত পেয়ে মুক্তি পেয়েছেন, কীভাবে কত দিন কারাগারে ছিলেন—সব বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন দিতে হবে। ১০ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়৷ এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু ২ বছর ১০ মাস কম সাজা খেটে ২০০৫ সালের ১ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। ওই প্রতিবেদন যুক্ত করে তাঁর সংসদ সদস্যপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।