ফেনী-২ আসনের সাংসদ হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট৷
গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন৷
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়৷ প্রতিবেদনটি যুক্ত করে নিজাম উদ্দিন হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা নিয়ে করা এক িরট আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশ দেন৷
একই সঙ্গে আদালত নিজাম উদ্দিন হাজারীর কারাবাসের সময়কালের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন৷ কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ও চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কের প্রতি এ নির্দেশ দেওয়া হয়৷
এ ছাড়া রুলে ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়৷ স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব ও নিজাম উদ্দিন হাজারীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়৷
জয়নাল হাজারীর একসময়কার কথিত স্টিয়ারিং কমিটির সদস্য ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বয়াক সাখাওয়াত হোসেন ভূঁইয়া এই রিটটি করেন৷ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার৷
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, দুই বছর ১০ মাস কম সাজা খেটেই কারাগার থেকে বেরিয়ে গিয়েছিলেন ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারী৷ অস্ত্র আইনের একটি মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছিল৷ ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড হয় নিজাম হাজারীর৷ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় হওয়া মামলায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে এই সাজা দিয়েছিলেন৷ উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলা হয়৷ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০০১ সালের ২ মে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখেন৷
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিজাম উদ্দিন হাজারীর করা আপিল ২০০২ সালের ২৭ এপ্রিল আপিল বিভাগ খারিজ করে দেন৷ এরপর ২০০৪ সালের ২৬ জুন পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়৷ এ সত্ত্বেও নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে বের হন৷ এ হিসেবে ২০১৪ সালে তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিতে পারেন না৷
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়ে উল্লেখ রয়েছে৷ ৬৬ (২) ঘ অনুসারে, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত ফৌজদারি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূ৵ন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না৷