নিজাম হাজারী কতদিন সাজা খেটেছেন, তদন্তের নির্দেশ
ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী আদৌ ১০ বছর কারাদণ্ডের সাজা খেটেছেন কি না, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। নিজাম হাজারীর সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে হাইকোর্ট যে রুল দিয়েছিলেন, আজ সেই রুলের ওপর শুনানির এক পর্যায়ে আদালত এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন মনজিল মোরসেদ। নিজাম হাজারীর পক্ষে ছিলেন সাংসদ ও আইনজীবী নুরুল ইসলাম সুজন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। প্রথম আলোর পক্ষে ছিলেন আফতাব উদ্দিন ছিদ্দিকী।
পরে আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, নিজাম হাজারী আদৌ ১০ বছর কারাদণ্ডের সাজা খেটেছেন কি না, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আরও বলেন, একই আদেশে আদালত বলেছেন, নিজাম হাজারী কারাগার থেকে কীভাবে মুক্তি পেয়েছেন, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে চট্টগ্রামের মহানগর দায়রা জজকে প্রতিবেদন দিতে হবে। নিজাম হাজারী কারাগার থেকে জামিনে না সাজার রেয়াত পেয়ে মুক্তি পেয়েছেন, কীভাবে কতদিন কারাগারে ছিলেন—সব বিস্তারিত অনুসন্ধান করে মহানগর দায়রা জজকে ওই প্রতিবেদন দিতে হবে। ১০ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়৷ এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে ২০০৫ সালের ১ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
পরে ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সাংসদ হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সাংসদ হয়েছেন।
রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। তবে পরে হাইকোর্টের দুটি বেঞ্চে এই রুল শুনানির জন্য কার্যতালিকায় উঠলেও বেঞ্চ দুটি শুনানিতে বিব্রতবোধ করেন। গত ১৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চে রুলের ওপর শুনানি শুরু হয়।
আরও পড়ুন: