নিজাম হাজারী কোন কর্তৃত্ববলে সাংসদ, বিব্রত বিচারপতি
ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন, তা জানতে চেয়ে দেওয়া রুল শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ বৃহস্পতিবার এ রুলের শুনানি শুরু হয়। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, একপর্যায়ে বিচারপতি এ কে এম সাহিদুল হক রুল শুনানিতে বিব্রতবোধ করেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৷ এতে বলা হয়, দুই বছর ১০ মাস কম সাজা খেটেই কারাগার থেকে বেরিয়ে গিয়েছিলেন ফেনী-২ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী ৷ অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছিল ৷ ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর ও ১৯ (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড হয় নিজাম হাজারীর ৷ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় হওয়া মামলায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে এই সাজা দিয়েছিলেন ৷ উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলা হয় ৷ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০০১ সালের ২ মে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখেন৷
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়ে উল্লেখ রয়েছে ৷ ৬৬ (২) ঘ অনুসারে, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত ফৌজদারি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূ৵ন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তিলাভের পর পাঁচ বছর পার না হয়, তাহলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না৷
প্রতিবেদনটি যুক্ত করে নিজাম উদ্দিন হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। ওই সময় রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিজাম হাজারীর করা আপিল ২০০২ সালের ২৭ এপ্রিল আপিল বিভাগ খারিজ করে দেন ৷ এরপর ২০০৪ সালের ২৬ জুন পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয় ৷ তা সত্ত্বেও নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে বের হন ৷ এ হিসেবে ২০১৪ সালে তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিতে পারেন না৷
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ৮ জুন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। নিজাম হাজারী কোন কর্তৃত্ববলে সাংসদ পদে আছেন এবং কেন ফেনী-২ আসন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব ও নিজাম হাজারীসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয় ৷ আজ হাইকোর্টে ওই রুলের শুনানি শুরু হয়েছিল।