নিজাম হাজারীর আইনজীবীদের শুনানি ২ আগস্ট
অস্ত্র মামলায় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সাজাভোগের হিসাবসংক্রান্ত কারা কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর শুনানির জন্য নিজাম হাজারীর আইনজীবীকে গতকাল মঙ্গলবার আরও এক সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিজাম হাজারীর আইনজীবীদের শুনানির জন্য ২ আগস্ট দিন নির্ধারণ করেছেন।
নিজাম হাজারীর পক্ষে এই মামলা পরিচালনা করছেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ও আইনজীবী নুরুল ইসলাম সুজন। শফিক আহমেদ গতকাল আদালতে উপস্থিত ছিলেন না। গতকাল শুনানির শুরুতে আরেক জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল হক আদালতকে বলেন, এই মামলায় নিজাম হাজারী তাঁকে আইনজীবী নিয়োগ দিয়েছেন। তিনি শফিক আহমেদকে সহযোগিতা করবেন। তিনি শুনানির প্রস্তুতির জন্য সময়ের আরজি জানান। আদালত বলেন, বারবার এই মামলায় সময় দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে শুনানি কখনো শেষ হবে না। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে শুনানি করতে বলেন।
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল বলেন, কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে সব এসেছে। নতুন আর কিছু বলার নেই।
এরপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। তিনি বলেন, কারাগার থেকে নিজাম হাজারীর বের হওয়ার বিষয়টি নিয়ে সমন্বিত তদন্ত দরকার বলে মন্তব্য করেন কারা মহাপরিদর্শক। চাইলে কারা কর্তৃপক্ষ নিজেরাই এটি তদন্ত করতে পারে, এ জন্য আদালতের আদেশের অপেক্ষায় থাকতে হবে না।
পরে নুরুল ইসলাম সুজন কারা কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর লিখিত জবাব আদালতে দাখিল করেন। আদালত তা গ্রহণ করে শুনানির জন্য ২ আগস্ট দিন নির্ধারণ করেন।
১৯ জুলাই জমা দেওয়া কারা মহাপরিদর্শক বি৶গেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের প্রতিবেদনে বলা হয়, আদালতের আদেশ পাওয়ার পর চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শককে প্রধান করে গঠিত তদন্ত কমিটি নিজাম হাজারীর সাজা ও রেয়াতের হিসাব করে দেখিয়েছে, নিজাম হাজারী রেয়াত প্রথার আওতায় পুরো সাজা খেটে মুক্তি লাভ করেননি। তাঁর ১০ বছরের সাজার মধ্যে ২ বছর ৬ মাস ১৬ দিন সাজা খাটা বাকি।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়৷ এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে পরবর্তী সময়ে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।