ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর করা ২০০৬ সালের ফৌজদারি আপিলের নথি তলব করেছেন হাইকোর্ট। সে সময় তাঁর পক্ষে নিয়োজিত আইনজীবী এম এ বাশার ও রাষ্ট্রপক্ষে নিয়োজিত তৎকালীন সহকারী অ্যাটর্নি জেনারেল এ কে এম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির হয়ে তাঁদের অবস্থান জানাতে বলা হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। ১৯ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
‘অস্ত্র মামলায় নিজাম উদ্দিন হাজারীর ১০ বছর কারাদণ্ড, সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে তাঁর সাংসদ পদে থাকার বৈধতা নিয়ে ফেনীর যুবলীগের নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়ার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
গতকালের আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, ধার্য তারিখে ২০০৬ সালে হাইকোর্টের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে করা বিবিধ মামলার (মিস কেস) নথি তলব করা হয়েছে। ওই দিন কয়েদি রেজিস্ট্রার আদালতে রাখতে কারা মহাপরিদর্শককে (আইজি-প্রিজন) নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০০৬ সালে হাইকোর্টের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে নিজাম হাজারীর জামিনদারদের আদালতে হাজির করতে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রুলে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ব বলে ফেনী-২ আসনের সংসদ সদস্য পদে আছেন, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে তাঁর কারাবাসের সময়কালের প্রতিবেদন এবং এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে কারা মহাপরিদর্শক ও চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোকে হলফনামাসহ ওই প্রতিবেদনের সত্যতা প্রমাণ করতে বলা হয়। ১৬ জুলাই কারা কর্তৃপক্ষ ও প্রথম আলোর পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হয়। ওই দিন শুনানি নিয়ে আদালত নিজাম হাজারীর দুটি ফৌজদারি আপিলের নথি তলব করেন।
একই সঙ্গে প্রথম আলোর দাখিল করা কয়েদি রেজিস্ট্রারের তথ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষকে ৩১ আগস্টের মধ্যে ব্যাখ্যা জানাতে বলা হয়। কয়েদি রেজিস্ট্রারের বরাত দিয়ে প্রথম আলোর দাখিল করা প্রতিবেদনে বলা হয়, নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান।
এদিকে হলফনামা আকারে কারা কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের ১ জুন নিজাম হাজারী জামিনে মুক্তি পান। যার নম্বর-১৪০৯/২০০৬।
প্রথম আলোর তুলে ধরা কয়েদি রেজিস্ট্রারের তথ্যাবলির বিষয়ে গতকাল কারা কর্তৃপক্ষের বক্তব্য হলফনামা আকারে আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে নিজাম হাজারীর পক্ষে আইনজীবী নূরুল ইসলাম সুজন ও প্রথম আলোর পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী মামলা পরিচালনা করেন।
এর আগে অস্ত্র আইনের মামলায় নিজাম হাজারীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা ২০০০ সালের আপিল উচ্চ আদালতে খারিজ হয়। যার নম্বর-২৩৬৯/২০০০। এ দুটি নথি তলব করা হয়েছিল। গতকাল একটি নথি (২৩৬৯/২০০) দাখিল করা হয়।