নিজাম হাজারীর কারাভোগের বিষয়ে তদন্ত শুরু
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সাজা কম খেটে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ গতকাল বুধবার থেকে এই তদন্ত শুরু করা হয়৷
রংপুর বিভাগের ডিআইজি (কারাগার) পার্থ গোপাল বণিকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গতকাল চট্টগ্রাম কারাগারে এসে তদন্ত শুরু করে৷ তারা সংশ্লিষ্ট অস্ত্র মামলায় নিজাম হাজারীর কারাগারে প্রবেশ ও বের হওয়ার তথ্য যাচাইবাছাই করে৷ এ জন্য কারাগারের বিভিন্ন রেজিস্টার তলব করেছে কমিটি৷ কমিটির অন্য দুই সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়ার কারা-তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন ও কক্সবাজারের কারাধ্যক্ষ আবদুল বারেক৷
কমিটির প্রধান পার্থ গোপাল বণিক প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি৷ অভিযোগসংক্রান্ত তথ্য যাচাই চলছে৷’
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির সদস্যরা অনেকগুলো রেজিস্টার যাচাই করেছেন৷ নিজাম হাজারী সাজা ঠিকভাবে খেটেছেন, নাকি জামিনে বের হয়েছেন—এসব যাচাই চলছে৷ আজ বৃহস্পতিবার এ কাজ শেষ হবে৷
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত ১০ মে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ তাতে বলা হয়, নিজাম হাজারী দুই বছর ১০ মাস সাজা কম খেটেই কারাগার থেকে বেরিয়ে যান৷ চট্টগ্রামের ডবলমুরিং থানায় করা অস্ত্র আইনের মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়৷ তিনি এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন৷ আদালত তাঁর সাজা বহাল রাখেন৷
৮ জুন হাইকোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন করা হয়৷ রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিজাম হাজারী কোন কর্তৃত্ববলে সাংসদ পদে আছেন, তা জানতে চেয়ে রুল দেন৷ পাশাপাশি তাঁর কারাবাসের সময়ের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে আইজি প্রিজন ও চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা-তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন৷
কারা কর্তৃপক্ষের সূত্র জানায়, হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, এই তদন্তের ফলাফলের ভিত্তিতে তার জবাব দেওয়া যাবে৷