নিজাম হাজারীর কারাভোগের বিষয়ে তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী অস্ত্র মামলায় সাজা কম খেটে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ জন্য কারা কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রংপুর বিভাগের ডিআইজি (কারাগার) পার্থ গোপাল বণিককে। কমিটির অন্য দুই সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়ার কারা তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন ও কক্সবাজারের কারাধ্যক্ষ আবদুল বারেক।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ৮ জুন এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত নিজাম হাজারী কোন কর্তৃত্ববলে সাংসদ পদে আছেন, তা জানতে চেয়ে রুল দেন। পাশাপাশি তাঁর কারাবাসের সময়ের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে আদালতে দািখল করতে আইজি প্রিজন ও চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কে নির্দেশ দেন৷
চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় নিজাম হাজারীর ১০ বছর সাজা হয়৷ তিনি দুই বছর ১০ মাস সাজা কম খেটেই কারাগার থেকে মুক্তি পান বলে অিভযোগ উঠেছে৷
রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সাংসদ নিজাম হাজারী সাজা কম খেটে কারাগার থেকে বেরিয়ে যান। এ বিষয়ে রিট করার আগে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠাই। ইতিমধ্যে আমাদের রিটের শুনানি হয়ে গেছে। হাইকোর্ট এ বিষয়ে আদেশও দিয়েছেন। এখন সেই আদেশ কারা কর্তৃপক্ষকে বাস্তবায়ন করতে হবে।’
কারাগার সূত্র জানায়, কমিটিকে ঘটনা তদন্ত করতে বলা হয়েছে৷ এ জন্য কমিটির সদস্যদের সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা দেওয়া আছে।
তদন্ত কমিটির প্রধান পার্থ গোপাল বণিক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি মঙ্গলবার কারা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি পেয়েছি। হাইকোর্টের কৌঁসুলি মনজিল মোরসেদ কারা কর্তৃপক্ষকে ৩০ মে একটি আইনি নোটিশ দিয়েছিলেন। তাতে সাংসদ নিজাম হাজারী সাজা কম খেটে বেরিয়ে গেছেন বলে উল্লেখ রয়েছে। পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি তদন্ত করতে আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম কারাগারে যাব।’
পার্থ গোপাল বণিক বলেন, ‘যে অভিযোগটি উঠেছে তাতে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কোনো কাজ নেই। এটা দালিলিক বিষয়। আমরা নথি দেখব। সাংসদ নিজাম হাজারী কখন কারাগারে প্রবেশ করেছেন এবং কখন বের হয়েছেন—তার তদন্ত হবে।’
তদন্ত কমিটির অন্য সদস্য ব্রাহ্মণবাড়িয়া কারাগারের তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। একই সঙ্গে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও মনজিল মোরসেদের আইনি চিঠির জবাবও তৈরি করা হবে।’