ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর দুটি ফৌজদারি আপিলের নথি তলব করেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নথি দাখিল করার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রথম আলোর দাখিল করা কয়েদি রেজিস্টারের তথ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষকে ৩১ আগস্টের মধ্যে ব্যাখ্যা জানাতে বলেছেন আদালত।
কয়েদি রেজিস্টারের বরাত দিয়ে আদালতে প্রথম আলোর দাখিল করা প্রতিবেদনে বলা হয়, নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান। অন্যদিকে কারা কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের ১ জুন নিজাম হাজারী জামিনে মুক্তি পান। যার ফৌজদারি আপিল নম্বর-১৪০৯/২০০৬। আর এ-সংক্রান্ত রিট আবেদনে বলা হয়, অস্ত্র আইনের মামলায় নিজাম হাজারীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিল উচ্চ আদালতে খারিজ হয়। যার ফৌজদারি আপিল নম্বর-২৩৬৯/২০০০।
গতকাল আদালত এ দুটি আপিলের নথি তলব করেছেন।
প্রসঙ্গত, ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ, অস্ত্র মামলায় নিজাম উদ্দিন হাজারীর ১০ বছর কারাদণ্ড’ শিরোনামে ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে ফেনী জেলা যুবলীগের সাবেক নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়া রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৮ জুন রুলসহ আদেশ দেন।
রুলে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে ফেনী-২ আসনের সংসদ সদস্য হিসেবে পদে আছেন, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে তাঁর কারাবাসে থাকার সময়কালের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে কারামহাপরিদর্শক (আইজি প্রিজন) ও চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন আদালত। এ ছাড়া প্রথম আলোকে হলফনামাসহ ওই প্রতিবেদনের সত্যতা জানাতে বলা হয়।
গতকাল কারা কর্তৃপক্ষ ও প্রথম আলোর পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার কারা কর্তৃপক্ষের প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, কারাগার থেকে সাজা কম খেটে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। নিজাম হাজারী কারাগার থেকে সাজা ভোগরত অবস্থায় আদালতের আদেশ অনুসারে ২০০৬ সালের ১ জুন জামিনে মুক্তি লাভ করেন।
এ পর্যায়ে আদালত বলেন, একটি আপিল খারিজ হয়ে গেলে আরেকটি আপিল করার সুযোগ আছে কি? জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য তিনি উপস্থাপন করেছেন।
এরপর নিজাম হাজারীর আইনজীবী নূরুল ইসলাম বলেন, তাঁর মক্কেল কারাগারে ছিলেন, তাঁর এ বিষয়ে জানার সুযোগ ছিল না। নিশ্চয়ই রেকর্ড আছে।
পরে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, নিজাম হাজারীর আপিলের (২৩৬৯/২০০০) রায়ের পর ২০০৪ সালে পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়। এখন দেখা যাচ্ছে, ২০০৬ সালে তিনি আপিলে (১৪০৯/২০০৬) জামিন পেয়েছেন। এ তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে।
পরে কয়েদি রেজিস্টারের তথ্যসহ প্রথম আলোর পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী বক্তব্য দেন। তিনি বলেন, উচ্চ আদালতের রায়, হাজতি রেজিস্টার ও কয়েদি রেজিস্টারের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। কয়েদি রেজিস্টারের কিছু তথ্যের ছবি সংযুক্ত করা হয়েছে। কয়েদি রেজিস্টারের তথ্য অনুসারে নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর মুক্তি পান। এ বিষয়ে এক বছর ছয় মাস ১৭ দিন রেয়াদ পাওয়াবিষয়ক অনুলিপিও দাখিল করেন প্রথম আলোর আইনজীবী।