নিজাম হাজারীর রায় ২২ নভেম্বর
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শেষ হয়েছে। ২২ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও সত্য রঞ্জন মণ্ডল। নিজাম হাজারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। ওই বছরের ৮ জুন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন এবং ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷ পাশাপাশি নিজাম হাজারীর কারাবাসে থাকার সময়কালের প্রতিবেদন এবং এ-সংক্রান্ত নথিপত্র তলব করেন হাইকোর্ট। এই রুলের ওপর চলতি বছর শুনানি শুরু হয়।
এর ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট আদালত রায় ঘোষণা শুরু করেন। পরদিন আদালত বলেন, কিছু তথ্যের বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। কারাগারে থাকার সময় বিবাদী (নিজাম) বেশ কয়েকবার রক্ত দিয়েছেন বলে একটি প্রতিবেদন দিয়েছেন। এতে কোন কোন তারিখে দিয়েছেন, তা দেখা যাচ্ছে না। এটি দেখার জন্য কারা কর্তৃপক্ষ থেকে প্রতিবেদন আসা প্রয়োজন। রায় ঘোষণা স্থগিত করে ৩১ আগস্ট আদালত নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্তদান করেছেন এবং এর জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন তা জানিয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষের প্রতিবেদন ৩ নভেম্বর আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। গতকাল শুনানি শেষে আদালত রায়ের ওই দিন ধার্য করেন।