নিজাম হাজারীর সাংসদ পদ নিয়ে রুল শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানিতে গতকাল মঙ্গলবার তাঁর আইনজীবী বলেছেন, এই রিট আবেদন জনস্বার্থে নয়, বরং ব্যক্তিস্বার্থে করা হয়েছে। জনস্বার্থ মামলা হিসেবে এটি চলতে পারে না।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল নিজাম হাজারীর পক্ষে শুনানিতে এ কথা বলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। জনস্বার্থ মামলা নিয়ে আপিল বিভাগের রায় উদ্ধৃত করে তিনি শুনানিতে বলেন, এই রিট আবেদন জনস্বার্থ মামলা হিসেবে চলতে পারে না। কারণ, জনস্বার্থ মামলা হিসেবে গণ্য হতে যেসব উপাদান দরকার হয়, সেগুলো এর মধ্যে নেই।
শুনানিতে আরেক আইনজীবী নুরুল ইসলাম সুজন বলেন, নিজাম হাজারী পুরো সাজা খেটেই কারাগার থেকে বের হয়েছেন। তাঁর সাজা খাটার হিসাব-সংক্রান্ত কারা কর্তৃপক্ষের প্রতিবেদনের যথার্থতা নিয়ে এই আইনজীবী প্রশ্ন তোলেন।
পরে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী কামরুল হক সিদ্দিকী শুনানিতে বলেন, নিজাম হাজারীর সাজা খাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের সমাধান হতে হবে। তাঁর শুনানি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়৷ এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান।
পরে ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সাংসদ হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সাংসদ হয়েছেন।
রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। তবে পরে হাইকোর্টের দুটি বেঞ্চে এই রুল শুনানির জন্য কার্যতালিকায় উঠলেও বেঞ্চ দুটি শুনানিতে বিব্রতবোধ করেন। গত ১৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চে রুল শুনানি শুরু হয়।