নিজাম হাজারীর সাংসদ পদ বিষয়ে রায় আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর রায়ের দিন আবারও পিছিয়েছে। আগামী মঙ্গলবার (৩০ আগস্ট) রায় ঘোষণার জন্য দিন রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রায়ের দিন পুনর্নির্ধারণ করেন।

নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের ওপর শুনানি শেষে ৩ আগস্ট হাইকোর্ট ১৭ আগস্ট রায়ের জন্য দিন রাখেন। সেদিন নিজাম হাজারীর হাজতবাসের একটি নথি তলব করে আদালত ২৩ আগস্ট রায়ের দিন ধার্য করেন। ওই নথি এলে গতকাল উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৩০ আগস্ট রায়ের নতুন দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল, নিজাম হাজারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন।

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু ২ বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান।

ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সাংসদ থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সাংসদ হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সাংসদ হয়েছেন।

রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। পরে হাইকোর্টের পৃথক বেঞ্চে এ রুল শুনানির জন্য কার্যতালিকায় উঠলেও বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করেন। পরে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চে রুলের শুনানি শুরু হয়।