নিজাম হাজারীর সাংসদ পদে থাকা নিয়ে রিটের রায় ৬ ডিসেম্বর
ফেনী-২ আসনের সাংসদ হিসেবে নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর ৬ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্যপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। ওই বছরের ৮ জুন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন।
রুলে ফেনী-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন এবং ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷ আদালত নিজাম হাজারীর কারাবাসে থাকার সময়কালের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র তলব করেন। রুলের ওপর চলতি বছর শুনানি শুরু হয়।
শুনানি নিয়ে গত ৩০ আগস্ট আদালত রায় ঘোষণা শুরু করেন। পরদিন আদালত বলেন, কিছু তথ্যের বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। সেদিন আদালত রায় ঘোষণা স্থগিত করে নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্ত দান করেছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন, তা জানিয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, নথিতে ওই মামলার বিষয়টি রয়েছে। আদালত ৬ ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন মণ্ডল। নিজাম হাজারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন।