নিজাম হাজারীর সাংসদ পদের বৈধতা নিয়ে রিটের শুনানি ১৪ নভেম্বর
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর ১৪ নভেম্বর শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
গত ৩১ আগস্ট হাইকোর্ট নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্ত দিয়েছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন, তা জানিয়ে প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।
কারা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। এতে বলা হয়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিজাম হাজারীর রক্তদানসংক্রান্ত কোনো নথিপত্র খুঁজে না পাওয়ায় কারা কর্তৃপক্ষ এ বিষয়ে সন্ধানীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট বরাবর চিঠি দেয়। সন্ধানী কর্তৃপক্ষ জানায়,...পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা, জনবল, অবকাঠামোগত সুবিধা না থাকায় রেকর্ডপত্র দীর্ঘ সময় সংরক্ষণ করা দুষ্কর। ২০০০ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চাওয়া রেকর্ড পুরোনো এবং তাদের কার্যালয় স্থানান্তরের সময় বিনষ্ট হয়েছে বলে চাওয়া তথ্য প্রদানে অপারগতা ও দুঃখ প্রকাশ করে সন্ধানী। সন্ধানী কর্তৃপক্ষ তাদের দেওয়া সনদ (রক্তদান) অস্বীকার করেনি।
আদালতে নিজাম হাজারীর কৌঁসুলি নুরুল ইসলাম সুজন বলেন, ওই সময়ে তিনি (নিজাম হাজারী) ১৩ ব্যাগ রক্ত দান করেন। এ বিষয়ে সন্ধানী একটি সার্টিফিকেটও দিয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী কামরুল হক সিদ্দিকী বলেন, কারাবিধির ৭৬৮ অনুসারে কারাভোগীর রেয়াতের মেয়াদ সাজার এক-চতুর্থাংশের বেশি হতে পারে না। রেয়াত যেটি দাবি করা হচ্ছে, তা এক-চতুর্থাংশের বেশি। এ ক্ষেত্রে বিশেষ অনুমোদন লাগবে। পরে আদালত ১৪ নভেম্বর শুনানির দিন রাখেন।
নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দিয়েছিলেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। ২ বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান। ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।