নিজাম হাজারীর সাজায় রেয়াত ছিল কি না জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী তাঁর কারাদণ্ডের সাজায় কোনো রেয়াত পেয়েছিলেন কি না, তা কারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।
নিজাম হাজারীর সংসদ সদস্য পদ নিয়ে দেওয়া রুল শুনানিতে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশে বলা হয়, কারা কর্তৃপক্ষকে তিনটি বিষয়ে আদালতকে জানাতে হবে। প্রথমত, অস্ত্র মামলায় নিজাম হাজারীর কারাদণ্ডের যে সাজা হয়েছিল, তাতে তিনি কোনো রেয়াত পেয়েছিলেন কি না। দ্বিতীয়ত, সাজা রেয়াত করা হয়ে থাকলে ঠিক কত দিনের জন্য তা করা হয়েছিল। তৃতীয়ত, সাজাভোগ ও রেয়াত করা সাজার একটি পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। সে সঙ্গে সাজা রেয়াতের সিদ্ধান্তসংশ্লিষ্ট নথিপত্র এই হিসাবের সঙ্গে যুক্ত করতে হবে। কারা মহাপরিদর্শক ও চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে আগামী ৩০ দিনের মধ্যে এসব তথ্য আদালতকে জানাতে হবে।
আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী।
এর আগে গত ৩ মার্চ আদালত আদেশে বলেছিলেন, নিজাম হাজারী আদৌ ১০ বছর কারাদণ্ডের সাজা খেটেছেন কি না, এবং তিনি কীভাবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। গত বুধবার ওই প্রতিবেদনের ওপর শুনানি হয়। তবে নিজাম হাজারী সাজা থেকে রেয়াত পেয়েছিলেন কি না, তা ওই প্রতিবেদনে ছিল না। এ জন্য গতকাল আদালত নতুন করে এই আদেশ দিলেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়৷ এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে ২০০৫ সালের ১ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
পরে ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসাবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না।