নিজামী, মুজাহিদসহ জামায়াতের পাঁচ নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে পৃথক চারটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের পাঁচজন নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি শহীদুল ইসলামের একক অবকাশকালীন বেঞ্চ আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন।অন্য নেতারা হলেন দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান ও পল্টন থানার আমির শফিকুল ইসলাম। গতকাল সকালে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান জামায়াতের এই নেতারা। শুনানি শেষে দুপুর পৌনে দুইটায় আদালত জামিন মঞ্জুর করেন।জানা যায়, গত ১৭ মার্চ ছাত্রশিবিরের এক আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতের আমির নিজামীর তুলনা করা হয়। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে অভিযোগে ২১ মার্চ ঢাকায় ও লালমনিরহাটে নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। একই অভিযোগে মামলা হয় চাঁদপুর, খুলনা ও রাঙামাটিতে। ঢাকার মামলাটি ছাড়া অপর চার মামলায় গতকাল আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।এ ছাড়া ১৯৭১ সালে হত্যা ও লুণ্ঠনের অভিযোগে পিরোজপুরে করা মামলায় সাঈদীকে ৪ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন একই আদালত। গত বছরের ৮ সেপ্টেম্বর স্থানীয় একজন মুক্তিযোদ্ধা তাঁর বিরুদ্ধে ওই মামলা করেন।মিল্লাতকে বিদেশে যাওয়ার অনুমতি: বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে বিদেশে যেতে বাধা না দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে মিল্লাতের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল একই আদালত এই আদেশ দেন।