নিজামী, মুজাহিদসহ পাঁচ জামায়াত নেতার নয় মামলায় জামিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজন কেন্দ্রীয় নেতা পৃথক নয় মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।গতকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জামিন পাওয়া অন্য তিন জামায়াত নেতা হলেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান। জানা যায়, গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৭ জুন রমনা থানায় নিজামী, মুজাহিদ ও সাঈদীর বিরুদ্ধে মামলা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় গত ১৭ ফেব্রুয়ারি নিজামী, মুজাহিদ ও সাঈদীর বিরুদ্ধে মামলা হয়। একই অভিযোগে কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে মামলা হয়।