নিজামী, মুজাহিদসহ ২০ জনকে এখনই গ্রেপ্তার সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান বলেছেন, তাঁদের তৈরি সন্দেহভাজন মানবতাবিরোধী অপরাধীর তালিকায় ২০ জনের বিরুদ্ধে এমন তথ্যপ্রমাণ রয়েছে যে ঠিক এই মুহূর্তে ২০ জনকে গ্রেপ্তার করা যাবে।গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে সন্দেহভাজন ৫০০ জনের তালিকা দেওয়ার পর কমিটির এম এ হাসান সাংবাদিকদের এ কথা জানান।পরে সন্ধ্যায় তিনি প্রথম আলোর সঙ্গে আলাপকালে উল্লিখিত ২০ জনের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করেন। এম এ হাসান বলেন, ২০ জনের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারউদ্দিনের নাম রয়েছে।পরে এম এ হাসান সাংবাদিকদের জানান, ‘সরাসরি অপরাধে জড়িত’ ‘এ’ ক্যাটাগরিতে প্রায় ৫০০ জন অপরাধীর সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়া হয়েছে। অপরাধের বিবরণ, সাক্ষীদের নাম ইত্যাদি তথ্যসহ প্রয়োজনীয় বই জমা দেওয়া হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক অপরাধী পালিয়ে যাচ্ছে।তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন অপরাধীদের পালিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পালিয়ে যাচ্ছে...যেতে পারে। পালিয়ে গেলে অনুপস্থিতিতে বিচার হবে। তবে বিষয়টি ট্রাইব্যুনালের কাছে তুলে ধরা হবে।