রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ তিন নেতাকে সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিগগিরই এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন খান বলেন, গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত রোববারও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ২৬ ও ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, জামায়াতের তিন শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদে এ মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। তাঁদের দেওয়া তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। তোফাজ্জল হোসেন খান বলেন, ফারুক হত্যা মামলায় জামায়াতের এই তিন নেতাকে তাৎক্ষণিক গ্রেপ্তার দেখানোর পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। এরপর আদালতের মাধ্যমে পাওয়ার অব ওয়ারেন্ট ইস্যু করে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ-সংক্রান্ত মামলার কারণে আসামিদের না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা যায়নি। তদন্ত কর্মকর্তা বলেন, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর মামলা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেলের অন্তর্ভুক্ত, তাই এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৯ অক্টোবর জামায়াতের তিন নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হয়। এই আবেদনের শুনানি শেষে ১৩ অক্টোবর আদালত দুই দিন করে তাঁদের জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রলীগকর্মী ফারুককে নৃশংসভাবে হত্যা করে। এ ছাড়া ছাত্রলীগের চার কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। কুপিয়ে জখম করা হয় আরও ৪০ জনকে। এ ঘটনায় রাজশাহীর মতিহার থানায় মোট ১৪টি মামলা করা হয়। এর মধ্যে ফারুক হত্যা মামলায় ৩৫ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ২৫ জন উচ্চ আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন। আর একজন মারা গেছেন এবং চারজন রয়েছেন পলাতক। বাকি পাঁচ আসামি আছেন কারাগারে। এ ছাড়া মামলার তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন: মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ।