নিজামী ও আবদুল আলীমের শুনানি হবে ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদনের ওপর ২৭ মার্চ শুনানি হবে। ওই দিন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপিদলীয় সাবেক সাংসদ অবদুল আলীমকে গ্রেপ্তার ও আটক রাখার জন্য করা আবেদনের ওপর শুনানিও হবে। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদনের ওপর আগামী ১৯ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।তদন্ত সংস্থা ও প্রসিকিউশন শাখার একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন প্রস্তুত করা হয়েছে। রোববার তা ট্রাইব্যুনালে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। রেজিস্ট্রারের ব্রিফিং: মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু নিয়ে আগাম মন্তব্য করার কোনো অবকাশ নেই। এ সম্পর্কে গণমাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ, প্রচার ও বক্তব্য প্রদান কোনোভাবেই কাম্য নয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মনে করেন। ট্রাইব্যুনালের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম এসব কথা বলেন। লিখিত বক্তব্যে রেজিস্ট্রার বলেন, মামলার অপরাধ আমলযোগ্য হলেই কেবল বিচার শুরুর বিধান রয়েছে। কাজেই বিচার শুরুর বিষয়ে আগাম মন্তব্য করার কোনো অবকাশ নেই। অভিযোগ গঠনপূর্ব পর্যায়ে তদন্তকালে গ্রেপ্তার বা আটক রোম বিধিতে স্বীকৃত। এ ছাড়া ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৫) ধারাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে এটির সঙ্গে ১৪(১) ধারা একত্রে পাঠ করলে বোধগম্য হবে যে, তদন্ত চলাকালীন অভিযুক্তকে গ্রেপ্তার বা আটক রাখা বৈধ। বিচারের আন্তর্জাতিক মান নিয়ে কারও কারও সংশয়ও যুক্তি দিয়ে উড়িয়ে দেন রেজিস্ট্রার।