নিজামী ও বাবর কাশিমপুর কারাগারে
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটিতে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে আজ শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে একটি মাইক্রোবাসে করে নিজামী ও বাবরকে কাশিমপুর কারাগারে আনা হয়। নিজামীকে হাই সিকিউরিটি কারাগারে এবং বাবরকে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ রাখা হয়েছে।
আজ সকাল ১০টা পাঁচ মিনিটে নিজামী-বাবরসহ ফাঁসির দণ্ড পাওয়া চার আসামিকে বহনকারী তিনটি মাইক্রোবাস কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা দেয়। এ সময় আসামিদের পরনে কয়েদির পোশাক ছিল। তবে নিজামী ও বাবর ছাড়া অন্য যে দুজন আসামিকে আনা হয়েছে তাঁদের নাম এখনও এই প্রতিবেদক জানতে পারেননি।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুর কাদের প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের আদালতে হাজিরা থাকায় তাঁদের ঢাকায় পাঠানো হচ্ছে।
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার রায় গত ৩০ জানুয়ারি ঘোষণা করা হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুটির মধ্যে একটি মামলায় নিজামী, বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। চোরাচালানের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫২ আসামির মধ্যে ১৪ জনকে এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়। বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় একই সঙ্গে তাঁদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। আর অস্ত্র আইনে করা মামলায় এই ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়।