নিজামী ও বাবর কাশিমপুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের কাশিমপুর কারাগারে আনা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুর রাজ্জাক জানান, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁদের বহনকারী মাইক্রোবাস কাশিমপুর কারাগারে পৌঁছায়। মতিউর রহমান নিজামীকে হাই সিকিউরিটি কারাগারের কনডেম সেলে এবং লুৎফুজ্জামান বাবরকে কারাগার-১-এর কনডেম সেলে রাখা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত চার আসামিকে বহনকারী তিনটি মাইক্রোবাস চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়। কারাগার থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় নিজামী-বাবরসহ চারজনকে বিমর্ষ দেখা গেছে। এ সময় চারজনের শরীরে ছিল কয়েদির পোশাক।
বাকি দুই আসামি হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিম।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের
অভিযোগে করা মামলায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেন।