সংবাদ সম্মেলনে জহির উদ্দিন
নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য না দিলে ঘুষের প্রস্তাব পেয়েছি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন জামায়াতে ইসলামীর গুপ্তচর হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। তিনি যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য না দিতে বা জেরার সময় অনুপস্থিত থাকলে কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এমন অভিযোগ তুলেছেন মামলা দুটির সাক্ষী এবং মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যকরী সদস্য জহির উদ্দিন জালাল। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাকে নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য না দিলে ঘুষের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদকে অবহিত করেছিলাম। কিন্তু চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে উল্টো এমদাদ মতিনের পক্ষ নেন।’জহির উদ্দিন জালাল আরও অভিযোগ করেন, হেলাল মোর্শেদ ও এমদাদ মতিন মুক্তিযোদ্ধা কমান্ডকে অকার্যকর করে ফেলেছেন। তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার বিষয়টি কমান্ড কাউন্সিলে উপস্থাপন করলে এমদাদ মতিন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।’ তিনি আরও অভিযোগ করেন, অবৈধভাবে কমান্ড কাউন্সিলের ৩৯৩ নিউ ইস্কাটন, মগবাজার ঠিকানার কার্যালয়টি মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের কার্যালয় বানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব দুর্নীতি প্রতিরোধ সংস্থার সদস্যসচিব শাহ মো. আবদুর রাজ্জাক ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের রুহুল আমীন মজুমদার। এমদাদ হোসেন মতিনের বক্তব্য: এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এমদাদ হোসেন মতিন প্রথম আলোকে জানান, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। মানবতাবিরোধী অপরাধের বিচার চলার সময়ে এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ তোলা কোনো দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব নয় বলেও তিনি মনে করেন। এমদাদ হোসেন আরও জানান, নিজের বিরুদ্ধে থাকা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে জহির উদ্দিন স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে মনগড়া অভিযোগ তুলেছেন। অথচ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে তিনিই জহির উদ্দিনকে উদ্বুদ্ধ করেছেন এবং সঙ্গে করে ট্রাইব্যুনালে নিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।