ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি মামলা দুটি কেন বাতিল করা হবে না—তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামায়াতের নেতাদের করা বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ১৭ মার্চ এক অনুষ্ঠানে নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করা হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে গত ২৫ মার্চ রাঙামাটি ও ২১ মার্চ লালমনিরহাটে নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, রফিকুল ইসলাম খান ও শফিকুল ইসলামের বিরুদ্ধে এ দুটি মামলা করা হয়। তাঁদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। তাঁকে সহায়তা করেন তাজুল ইসলাম ও ইমরান এ সিদ্দিক।