নিজামী ও সাকাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। একই অভিযোগে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে প্রসিকিউশন শাখার সদস্যরা এ সংক্রান্ত পৃথক আবেদন জমা দেন।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, তিনটি আবেদন জমা দেওয়া হয়েছে। কবে শুনানি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ বিষয়ে সিন্ধান্ত নেবেন।প্রসিকিউটর জেয়াদ-আল মালুম সাংবাদিকদের বলেন, ‘সাকা চৌধুরী ও নিজামীর বিরুদ্ধে তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। তাই তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। তদন্ত সংস্থা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে। আমরা ট্রাইব্যুনালে আবেদন দুটি জমা দিয়েছি।’জেয়াদ-আল মালুম বলেন, প্রাথমিক তদন্তে আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু ও গতিশীল তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।