নিজামী বললে রিভিউ: খন্দকার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আপিল মামলায় ফাঁসির দণ্ড বহাল থাকা জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তাঁর মক্কেল বললে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেন। পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব।


খন্দকার মাহবুব বলেন, আইনজীবী হিসেবে তাঁকে রায় মেনে নিতে হবে। যদি নিজামী রায় পর্যালোচনা করে রিভিউ করার নির্দেশ দেন, তাহলে তা করা হবে। তবে বিষয়টি পুরোপুরি তাঁর মক্কেলের ওপর নির্ভর করছে।

নিজামীর এই আইনজীবী আরও বলেন, আদালত যখন বিচার করেন, তখন তাঁর সামনে যেসব সাক্ষ্যপ্রমাণ আসে, সেগুলো বিবেচনা করেই রায় দেন।


খন্দকার মাহবুবের ভাষ্য, এই মামলায় যেসব সাক্ষ্যপ্রমাণ এসেছে, তা সব শেখানো। সেফহোমে রেখে সাক্ষীদের যেভাবে শেখানো হয়েছে, তাঁরা সেভাবেই আদালতে সাক্ষ্য দিয়েছেন। এসব সাক্ষ্যপ্রমাণের সামনে আদালত অনেকটা অসহায় অবস্থায় থাকেন। এসব সাক্ষ্যের ভিত্তিতেই আদালতকে রায় দিতে হয়।


আপিল বিভাগ তিনটি অভিযোগে নিজামীর ফাঁসি বহাল রেখেছেন। দুটি অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। ফাঁসির সাজার একটি অভিযোগসহ তিনটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।


মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান নিজামীকে ২০১৪ সালের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যাসহ চারটি অভিযোগে (২, ৪, ৬ ও ১৬) নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সহযোগিতা করার চারটি অভিযোগে (১, ৩, ৭ ও ৮) তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেন ট্রাইব্যুনাল।