

আগামীকাল বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে। চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।
আজ বুধবার মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে তাঁদের বহনকারী দুটি মাইক্রোবাস কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কারাগারে পৌঁছায়।
এদিকে রায়কে ঘিরে আদালত ভবন, কারাগার, বিচারকের বাসভবনসহ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রায় ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘মতিউর রহমান নিজামী ও লুত্ফুজ্জামান বাবরকে ঢাকা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মামলার আসামি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছিল।’ তিনি জানান, আসামিরা কারাগারের ডিভিশন ওয়ার্ডে রয়েছেন।
১৪ জানুয়ারি চট্টগ্রাম থেকে বাবর-নিজামীসহ চার জনকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজিরার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে রায় ঘোষণা করতে পারেন বিচারক। রায়ে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।’
মামলার আদ্যোপান্ত
আদালত সূত্রে জানা যায়, অস্ত্র আটক ও চোরাচালান মামলায় ২০০৪ সালের ১১ জুন প্রথম দফা অভিযোগপত্র দাখিল করে সিআইডি। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৫ আগস্ট সম্পূরক অভিযোগ দাখিল করে সিআইডি। অভিযোগপত্রে হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদসহ ৪১ জনকে আসামি করা হয়, যাঁদের বেশির ভাগই ছিলেন শ্রমিক-মাঝিমাল্লারা। পরে মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়। দুই মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
২০০৭ সালের ১৯ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাতটি ত্রুটি চিহ্নিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী দুই মামলায় নতুন করে বাবর, নিজামীসহ ১১ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। অস্ত্র আটক মামলায় ৫০ জন এবং চোরাচালান আইনে ৫২ জনকে আসামি করা হয়। একই বছরের ১৫ নভেম্বর নতুন ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। অস্ত্র আটক মামলায় ৫৬ এবং চোরাচালান আইনে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ১৩ জানুয়ারি আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
জামিনে আছেন যাঁরা
মজিবুর রহমান, শেখ আহাম্মদ, বশর মিয়া বাদশা, কামাল মিয়া, মোহাম্মদ জসীম, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর, মরিয়ম বেগম, মোহাম্মদ আজিজ, কবির আহাম্মদ, মোহাম্মদ রফিক, মনির আহমদ, আবদুল মালেক, মঞ্জুরুল আলম, ফিরোজ আহমেদ, সাইফুদ্দিন, এজাহার মিয়া, ফজল আহমদ, আকবর আলী, ছালে জহুর, সানোয়ার হোসেন, দিলদার হোসেন, নুুরুল আবছার, আবদুল মান্নান, ওসমান গণি, আবদুস সোবহান।
পলাতক আছেন যাঁরা
ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিনসহ মোহাম্মদ সোবহান, শাহ আলম, আবদুস সবুর, শাহজাহান, আবদুর রহিম মাঝি, বাবুল মিয়া, হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, নুর নবী ও প্রদীপ কুমার দাশ।
হাজতে আছেন যাঁরা
সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইর মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, প্রধান আসামি হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদ।
মারা গেছেন যাঁরা
মামলার আসামিদের মধ্যে মনির আহমদ, ইয়াকুব আলী, আতাউর রহমান ও আবুল কাশেম মারা গেছেন।